পিটুনিতে আহত বিএনপি কর্মীর মৃত্যু
গ্রামবাসীর পিটুনিতে গুরুতর আহত যশোরের চৌগাছা উপজেলার কয়ারপাড়া গ্রামে মারুফ হোসেন নামের বিএনপির এক কর্মী মারা গেছেন। গতকাল শুক্রবার দুপুরে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, মারুফ (৩৫) রিকশা চালাতেন। তাঁর বাড়ি পৌর এলাকার উত্তর কয়ারপাড়া গ্রামে। তাঁকে মঙ্গলবার রাতে স্থানীয় কয়েকজন পিটিয়ে গুরুতর আহত করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় থানায় আটজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে হত্যা মামলা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিবেশী আরেক বিএনপির কর্মীর স্ত্রীর সঙ্গে মারুফের পরকীয়ার সম্পর্ক ছিল। মঙ্গলবার রাতে তিনি ওই বাড়িতে গেলে স্থানীয় লোকজন তাঁকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। দুদিন চিকিৎসার পর গত বৃহস্পতিবার হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। গতকাল সকালে আবার অসুস্থ হয়ে পড়লে মারুফকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে তিনি মারা যান।
মারুফের মামাতো ভাই ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বি এম আজিমুদ্দিন বলেন, এলাকায় বিএনপির দুটি পক্ষের কোন্দল রয়েছে। একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির উপজেলা শাখার বর্তমান সভাপতি জহিরুল ইসলাম। অপর অংশের নেতৃত্বে সাবেক সভাপতি এম এ সালাম। মারুফ বর্তমান সভাপতির সমর্থক ছিলেন। এর জেরে প্রতিপক্ষের সাত থেকে আটজন লোক মঙ্গলবার রাতে মারুফকে বাসা থেকে তুলে নিয়ে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে হত্যা করে।