
বরগুনার তালতলী উপজেলায় শিশু রবিউল আউয়ালকে (১১) মাছ চুরির সন্দেহে নিষ্ঠুরভাবে পিটিয়ে ও টর্চ দিয়ে চোখে-মাথায় আঘাত করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার মূল আসামি মিরাজ হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা জানান।
গতকাল বৃহস্পতিবার মিরাজ আমতলী উপজেলার বিচারিক হাকিম বৈজন্তি বিশ্বাসের আদালতে স্বীকারোক্তিমূলক ওই জবানবন্দি দেন। পরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ সুপার বিজয় বসাক গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আদালতে আসামি মিরাজের দেওয়া বক্তব্য আমরা যাচাই করে দেখব এবং হত্যাকাণ্ডে আর কারও যোগসাজশ আছে কি না, সেটাও খতিয়ে দেখব। প্রয়োজনে তাঁকে রিমান্ডে নেওয়া হবে।’
আদালত সূত্র জানায়, দুপুরে গ্রেপ্তার মিরাজকে আদালতে হাজির করা হলে নৃশংস এই হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দিয়ে জবানবন্দি দেন তিনি। মিরাজ বলেন, ১৫ দিন আগে তাঁর বাড়ির সামনে বিল থেকে মাছ ধরার দুটি বুশনা (একধরনের চাঁই) চুরি হয়। খোঁজাখুঁজির কদিন পর রবিউলের বাবা একটি বুশনা ফেরত দেন। অন্যটি আর পাননি। এতে তাঁর সন্দেহ হয়, রবিউল মাছসহ বুশনা চুরি করেছে।
এরপর গত সোমবার রাত ১২টার দিকে বিলে বুশনা থেকে মাছ তুলতে গিয়ে মিরাজ দেখেন, বুশনায় মাছ নেই এবং আশপাশে ছোট ছোট পায়ের ছাপ। এতে তাঁর আবারও সন্দেহ হয়, রবিউল বুশনা থেকে মাছ চুরি করেছে। তখন বিল থেকে পাশের রাস্তায় উঠে দেখেন, রবিউল দাঁড়ানো। এ সময় তাকে ধরে লাঠি দিয়ে পেটানো শুরু করেন। এতে লাঠি ভেঙে যায়। পিটুনিতে রবিউলের বাঁ চোখে গুরুতর আঘাত লাগে। গুরুতর আঘাত নিয়েই রবিউল দৌড় দিলে তিনিও পিছু নেন।
একপর্যায়ে আবারও রবিউলকে ধরে ফেলে হাতে থাকা টর্চলাইট দিয়ে তার মাথায় আঘাত করেন। ছুটে পালাতে গিয়ে সামনে একটি তালগাছে আঘাত লেগে মাটিতে লুটিয়ে পড়ে রবিউল। এরপর তিনি ধরে দেখেন, রবিউল নড়াচড়া করছে না। মারা গেছে নিশ্চিত হয়ে পরে তিনি লাশ কোলে তুলে পাশের লখরার খালে ফেলে দেন।
তবে রবিউলের বাবা দুলাল হোসেন মৃধা গতকাল বিকেলে বলেন, ‘১৫ দিন আগে মিরাজ ওর দুটি বুশনা হারিয়ে গেছে বলে আমাকে বলেছিল। পরদিন আমি বিলে ডোবানো অবস্থায় একটি বুশনা পেয়ে সেটা ওর বাড়িতে পৌঁছে দিয়েছিলাম। ওই বুশনা রবিউল চুরি করেনি। কিন্তু মিরাজের সন্দেহ, রবিউলই এসব চুরি করে নিয়েছে। আমার ধারণা, ঘটনার দিন (গত সোমবার) রাত নয়টার মধ্যেই রবিউলকে মিরাজ খুন করে কোথাও লুকিয়ে রাখে। এরপর গভীর রাতে লাশ লখরার খালে ফেলে দেয়।’
মায়ের আহাজারি থামছে না: একমাত্র ছেলেকে হারিয়ে রবিউলের মা মোর্শেদা বেগমের আহাজারি কিছুতেই থামছে না। কারও সান্ত্বনাই তাঁকে শান্ত করতে পারছে না। থেমে থেমে চিৎকার করে বলছেন, ‘আমার বুকের মানিক রে তোমরা আইন্না দ্যাও।’
গতকাল সকালে তালতলীর আমখোলা গ্রামে রবিউলের বাড়িতে গিয়ে দেখা যায় প্রতিবেশীদের ভিড়। তাঁরা রবিউলের মাকে সান্ত্বনা দিচ্ছেন।
প্রতিবেশী নিজাম ফকির বলেন, ‘রবিউল একটু দুরন্ত-প্রকৃতির শিশু হলেও সবার সঙ্গে মিশত। কখনো কারও জিনিসপত্র চুরি করেছে, এমনটা শোনা যায়নি। মাছ চুরির কথা আমাদের বিশ্বাস হচ্ছে না। তিন ভাইবোনের মধ্যে রবিউল দ্বিতীয়। বড় বোন খাদিজা দশম শ্রেণিতে পড়ে। ছোট বোন জান্নাতির বয়স চার বছর। একমাত্র ভাইকে হারিয়ে খাদিজাও কদিন ধরে কিছু মুখে নিচ্ছে না। ভাই, ভাই বলে শুধু কাঁদছে।’