পিটুনির পর 'পেট্রলবোমা'সহ ছাত্রদল নেতাদের পুলিশে সোপর্দ
‘পেট্রলবোমা’ রাখার অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে পিটুনির পর পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ বুধবার বিকেল সোয়া চারটার দিকে বুয়েটের আহসানউল্লাহ হলের সামনে এ ঘটনা ঘটে।
দুজন হলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক সাহাদৎ হোসেন (৪০) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী গোলাম কিবরিয়া (২৪)।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বিকেলে পেট্রলবোমা সঙ্গে থাকার অভিযোগে সাহাদৎ ও কিবরিয়াকে মারধর করেন উত্তেজিত ছাত্ররা। দুজনেরই বুকে ও মাথায় আঘাত লেগেছে। পরে চকবাজার থানার পুলিশ দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মফিজউদ্দিন প্রথম আলোকে জানান, দুজনই ছাত্রদলের নেতা। তাঁদের কাছে একটি পেট্রলবোমা পাওয়া গেছে। তিনি বলেন, মারধরের বিষয়টি জানা নেই। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।