পিটুনির শিকার আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। গত বুধবার পিটুনিতে আহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে সালথা থানায় এ মামলাটি হয়।
গত বুধবার সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি-সমর্থিত মো. ওহিদুজ্জামান আওয়ামী লীগে যোগ দেন। এ উপলক্ষে স্থানীয় ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া খেলার মাঠে এ সভার আয়োজন করা হয়। ওই সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে ইউসুফদিয়া মাঠে সভা চলাকালে মিছিল নিয়ে সভাস্থলে এলে দেলোয়ার ও ওহিদুজ্জামানের সমর্থকদের মধ্যে গোলযোগ শুরু হয়। ওই সময় মঞ্চে থাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মঞ্চের সামনে গিয়ে গোলযোগ ঠেকানোর চেষ্টা করলে পিটুনির শিকার হন।
রাতে ইউসুফদিয়া এলাকার বাসিন্দা আনোয়ার মোল্লা জনসভায় গোলযোগ সৃষ্টির অভিযোগে দেলোয়ার হোসেন, তাঁর ভাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনসহ ৬৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে একটি মামলা করেন। সালথা থানার ওসি ডি এম বেলায়েত হোসেন বলেন, দেলোয়ারকে বর্তমানে পুলিশ পাহারায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।