পিঠার জন্য গুঁড়া করা হতো পোকা ধরা চাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো, পোকা ধরা ময়লা চাল গুঁড়া করে বাজারজাত করার অপরাধে চট্টগ্রাম নগরের পতেঙ্গা স্টিল মিল এলাকায় রহিম রাইস মিল নামের একটি প্রতিষ্ঠানটিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার জেলা প্রশাসন ও পতেঙ্গা থানা-পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন জানান, প্রতিষ্ঠানটি নিয়মিত পিঠা বানানোর জন্য চালের গুঁড়া বাজারজাত করে। ওই কারখানায় নষ্ট ও পোকা ধরা চাল ভেঙে গুঁড়া করা হয়, পতেঙ্গা থানার কাছে এমন খবর ছিল। এরই ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মজুত করা ছয় বস্তা পুরোনো পোকা ধরা চাল পাওয়া যায়। তাই মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ওই ছয় বস্তায় পাওয়া মোট ২৪০ কেজি চাল নষ্ট করা হয়েছে।