পিডিবিএফের এমডিকে দুদকের জিজ্ঞাসাবাদ
সোলার প্রকল্পের আওতায় সোলার প্যানেল কেনায় নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে পল্লি দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের সহকারী পরিচালক সামছুল আলম।
বেলা সোয়া ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ অভিযোগ অনুসন্ধানে এর আগে পিডিবিএফের সোলার প্রকল্পের ব্যবস্থাপক আ আ ম আনোয়ারুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
দুদক সূত্র জানায়, বরিশাল, ঠাকুরগাঁও, বাগেরহাট ও ভোলা—এ চার জেলার ১০টি উপজেলায় পিডিবিএফের ঋণ-জালিয়াতি, দুর্নীতি ও অনিয়মের অসংখ্য অভিযোগ পাওয়া গেছে। এসব উপজেলায় ঋণগ্রহীতা অনেকেরই নাম-ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না। কয়েকটি কার্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা বন্ধ। বাগেরহাট সদরসহ বেশ কয়েকটি উপজেলায় চার থেকে সাত বছর পর্যন্ত নিরীক্ষা হয় না।