পিডিবির প্রকৌশলীকে ছাত্রলীগ কর্মীদের মারধর
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল বুধবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলীকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। পিডিবি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী লোকজন বলেন, ঘাটাইল পৌরসভা উপজেলা সদরে নালা নির্মাণ করার জন্য প্রধান সড়কের একটি বৈদ্যুতিক খুঁটি স্থানান্তরের ব্যাপারে পৌরমেয়র শহীদুজ্জামান শহীদ পিডিবির নির্বাহী প্রকৌশলী সুরেশ চন্দ্র পালকে অনুরোধ করেন। খুঁটি না সরানোয় গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের সাত-আটজন কর্মী পিডিবি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুরেশ চন্দ্র পালের কক্ষে যান। তাঁদের মধ্যে পৌরমেয়রের ভাগনে এবং জিবিজি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) রবিউল ইসলাম ওরফে তমাল ছিলেন। বৈদ্যুতিক খুঁটি না সরানোর কারণে তাঁরা সুরেশ চন্দ্রকে অশ্লীল ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে তাঁরা সুরেশকে কিল, ঘুষি ও চড় মারেন এবং টেনেহিঁচড়ে ভবনের তৃতীয় তলা থেকে নিচে নামিয়ে আনেন।
সুরেশ চন্দ্র পাল বলেন, হামলাকারীদের আক্রমণে তিনি বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। চিকিৎসা নিয়েছেন। হামলাকারীদের মধ্যে জিবিজি কলেজের ছাত্র সংসদের জিএস তমাল এবং তাঁর সঙ্গী আয়নাল ও ইয়েনকে চিনতে পেরেছেন। যাওয়ার সময় তাঁর পকেট থেকে ১৪ হাজার টাকাও নিয়ে গেছেন হামলাকারীরা।
জিবিজি কলেজের শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগে জিএস রবিউল ইসলামের কোনো পদ না থাকলেও তিনি সংগঠনটির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।
রবিউল ইসলাম বলেন, ‘পৌরমেয়র ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহীদুল ইসলামসহ এলাকার অনেক লোক বিদ্যুতের খুঁটিটি সরানোর জন্য অনুরোধ করেন। কিন্তু নির্বাহী প্রকৌশলী তা সরাননি। বুধবার এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলতে তাঁর অফিসে যাই। কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি ও চড়-থাপ্পড়ের ঘটনা ঘটেছে। তবে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেনি।’
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঘাটাইল কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
পৌরমেয়র শহীদুজ্জামান বলেন, তিনি দাপ্তরিক কাজে বুধবার সকালে ঢাকায় এসেছেন। তবে ফোনে শুনেছেন বিদ্যুৎ অফিসে অপ্রীতিকর একটি ঘটনা ঘটেছে।