মাওয়ায় ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চের মালিকের ছেলে ওমর ফারুক লিমনকে গতকাল শনিবার কারাগারে পাঠানো হয়েছে। লিমনের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে মুন্সিগঞ্জের বিচারিক হাকিম জাহানারা ফেরদৌস আগামীকাল সোমবার শুনানির দিন ধার্য করেন এবং লিমনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের পুলিশ পরিদর্শক আব্দুল কুদ্দুস প্রথম আলোকে জানান, লঞ্চটি তত্ত্বাবধান করতেন লিমন। এ ছাড়া লঞ্চের টিকিট দেওয়ার দায়িত্বও ছিল তাঁর। এসব কারণে তাঁকে এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য লিমনের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত রিমান্ডের শুনানি সোমবার ধার্য করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৪ আগস্ট প্রায় ৩০০ যাত্রী নিয়ে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা নদীতে ডুবে যায় পিনাক-৬। এ ঘটনায় মাওয়া নৌ পরিবহন পরিদর্শক (টিআই) জাহাঙ্গীর আলম ভূইয়া বাদী হয়ে পিনাকের মালিক আবু বকর সিদ্দিক, তাঁর ছেলে লিমনসহ ছয়জনকে আসামি করে লৌহজং থানায় মামলা করেন।
গত মঙ্গলবার রাত তিনটার দিকে চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদ এলাকার হাউজিং সোসাইটির একটি বাসা থেকে আবু বকরকে আটক করে র্যাব-৭। গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় লিমনকে। বাবা ও ছেলে কারাগারে রয়েছেন।
শাস্তি দাবি: পিনাক-৬ লঞ্চ দুর্ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মৃত ও নিখোঁজ যাত্রীদের পরিবারের জন্য উপযুক্ত ও ন্যায়সংগত ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।