পিনাক-৬ লঞ্চের মালিক আবু বক্কর কারাগারে
মাওয়ায় ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চের মালিক আবু বক্কর সিদ্দিককে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার মুন্সিগঞ্জের আমলি আদালতের বিচারক এ নির্দেশ দিয়েছেন।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, গত বুধবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আবু বক্করকে লৌহজং থানায় হস্তান্তর করে। তাঁকে সাত দিনের রিমান্ড চেয়ে গতকাল আদালতে পাঠানো হয়।
পুলিশের আদালত পরিদর্শক আবদুল কুদ্দুস জানান, বেলা একটার দিকে আবু বক্কর সিদ্দিককে আমলি আদালত ৬-এ হাজির করা হয়। এ সময় বিচারিক হাকিম মো. হারুন-অর রশীদ তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাঁর রিমান্ডের আবেদনের শুনানি ধার্য করা হয়েছে ১৮ আগস্ট।
৪ আগস্ট প্রায় ৩০০ যাত্রী নিয়ে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা নদীতে ডুবে যায় পিনাক-৬ লঞ্চ। এ ঘটনায় মাওয়া নৌপরিবহন পরিদর্শক (টিআই) জাহাঙ্গীর আলম ভূইয়া বাদী হয়ে লঞ্চের মালিক আবু বক্কর সিদ্দিকসহ ছয়জনকে আসামি করে লৌহজং থানায় মামলা করেন। গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার হাউজিং সোসাইটির একটি বাসা থেকে তাঁকে আটক করে র্যাব-৭। পরে তাঁকে ঢাকায় র্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয়। গত বুধবার রাতে তাঁকে লৌহজং পুলিশের কাছে হস্তান্তর করা হয়।