পিরানহা বিক্রির দায়ে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজার মাছের আড়তে গতকাল রোববার বিক্রি নিষিদ্ধ পিরানহাকে ‘চান্দা’ মাছ বলে বিক্রি করার দায়ে মো. মাহবুব নামের এক আড়তদারকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। একই আদালত জেলি ভরে বাগদা ও গলদা চিংড়ির ওজন বাড়ানোর দায়ে আরও চার আড়তদারের কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
র্যা ব সূত্র জানায়, গতকাল সকাল ছয়টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে আদালত কারওয়ান বাজারের মৎস্য মার্কেটের কয়েকটি আড়তে অভিযান চালান। এ সময় জেলি ভরা অবস্থায় প্রায় ৫০০ কেজি গলদা ও বাগদা চিংড়ি এবং ২০০ কেজি পিরানহা জব্দ করেন আদালত। এ ঘটনায় আড়তদার মো. মাহবুব, বশির আহমেদ, দেবাশীষ মণ্ডল, সাইদুর রহমান ও সফিকুল ইসলামকে আটক করা হয়। সকাল আটটা পর্যন্ত চলা অভিযানে র্যা ব-২-এর একটি দল এতে অংশ নেয়। এ সময় মৎস্য অধিদপ্তরের একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট হেলালউদ্দিন বলেন, বিক্রি নিষিদ্ধ পিরানহা বিক্রির অভিযোগে মাহবুবকে এক মাসের সাজা দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। আটক চিংড়ি মাছের চার আড়তদার আদালতের কাছে স্বীকার করেন, অধিক মুনাফার আশায় চিংড়ির ওজন বাড়াতে ভেতরে তাঁরা সিরিঞ্জ দিয়ে জেলি, সাগু, পানি, পাউডার ও সাদা লোহা ঢুকিয়ে দিয়ে থাকেন। এই অভিযোগে চারজনকে সাত দিন করে কারাদণ্ড অনাদায়ে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা আদায় করায় ওই চারজনের সাজা মওকুফ করে দেওয়া হয়েছে।
মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা সজিৎ কুমার চ্যাটার্জি বলেন, সাগু, পানি, পাউডার, পানি ও সাদা লোহা—এমন অপদ্রব্য চিংড়িতে ঢুকিয়ে ওজন বাড়িয়ে মৎস্য বিধিমালা ভঙ্গ করেছেন আড়তদারেরা।