পিরোজপুরে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার তেজদাসকাঠি গ্রামে গতকাল সোমবার আমিন খান (২৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আমিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া জিয়ানগর উপজেলার লাহুড়ি গ্রামের জমি নিয়ে বিরোধের জেরে গত রোববার দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, তেজদাসকাঠি গ্রামের চান খানের ছেলে আমিন খানকে গতকাল কুপিয়ে বাড়ির পাশের বাগানে ফেলে রাখে দুর্বৃত্তরা।

পরে বেলা পৌনে ১১টার দিকে স্থানীয় ব্যক্তিরা অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করান। এরপর তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক তেজদাসকাঠি গ্রামের কয়েকজন বলেন, ২০১৪ সালের ৬ জুলাই রাতে সদর উপজেলার ধুলিয়াড়ি গ্রামে আমিন খানেরনেতৃত্বে আট বাড়িতে হামলা চালিয়ে লুট ও ভাঙচুর করা হয়।

ওই সময় তারা নারীদের শ্লীলতাহানিসহ আটটি বাড়ির অন্তত ২০টি ঘরে হামলা চালিয়ে টাকা, স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে যায়। এ ঘটনায় আমিনসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, আমিন খানের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সন্দেহ করা হচ্ছে, আমিনের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী তাঁকে কুপিয়ে জখম করেছেন।

জিয়ানগর উপজেলার লাহুড়ি গ্রামের নূর আলম শেখের সঙ্গে তাঁর চাচাতো ভাই হালিম শেখের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই বিরোধকে কেন্দ্র করে গত রোববার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এতে নূর আলম শেখ, তাঁর ছেলে তরিকুল শেখ ও আত্মীয় আবদুস সালাম এবং প্রতিপক্ষ হালিম শেখ ও তাঁর ভাই মন্টু শেখ গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় হালিম শেখের লোকজন নূর আলমদের দুটি গরু লুট করে। এ ঘটনায় রোববার রাতে নূর আলম শেখ বাদী হয়ে হালিম শেখকে প্রধান আসামি করে মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানি থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, গতকাল নূর আলমের লুট হওয়া গরু দুটি উদ্ধার করা হয়েছে।