পিরোজপুরে গৃহবধূ দগ্ধ, হত্যাচেষ্টার অভিযোগ
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা গ্রামে গতকাল বুধবার মরফিয়া বেগম (২৭) নামের এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়েছেন। গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে তাঁকে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মরফিয়াকে বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পিরোজপুর সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মরফিয়া প্রথম আলোকে বলেন, শাশুড়ি সেলিনা বেগমের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বনিবনা হচ্ছিল না। তিনি গত মঙ্গলবার রাতে স্বামী মন্টুর কাছে শাশুড়ির বিরুদ্ধে মানসিক নির্যাতনের নালিশ দেন। এ নিয়ে স্বামীর সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মন্টু তাঁকে মারধর করেন। গতকাল সকাল নয়টার দিকে স্বামী, শ্বশুর ও শাশুড়ি ঘর থেকে বের করে মরফিয়াকে উঠানে আনেন। এরপর তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে মরফিয়ার গায়ের আগুন নেভান। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। প্রথমে তাঁকে নেওয়া হয় পিরোজপুর সদর হাসপাতালে।
মরফিয়ার ছোট ভাই আবদুল কাইউম বলেন, ‘অগ্নিদগ্ধ হওয়ার পর আমার বোন প্রায় তিন ঘণ্টা শ্বশুরবাড়িতে পড়ে ছিলেন। কেউ তাঁকে হাসপাতালে নিল না।’
পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ননী গোপাল রায় বলেন, আগুনে মরফিয়ার মুখমণ্ডলসহ শরীরের ২৭ শতাংশ পুড়ে গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে মরফিয়ার স্বামী গা ঢাকা দিয়েছেন। তবে মুঠোফোনে জানতে চাইলে মরফিয়ার শ্বশুর নূরুল ইসলাম শেখ বলেন, মন্টুর সঙ্গে ঝগড়ার জেরে মরফিয়া নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
নেছারাবাদ থানার ওসি মুনিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ওই গৃহবধূকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি।’