পিরোজপুরে ছাত্রদলের নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলায় গত সোমবার পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় সাজিদুল হক মৃধা (২৩) নামের ছাত্রদলের এক নেতা খুন হয়েছেন। সাজিদুল পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দক্ষিণ পুখুরিয়া গ্রামের মৃত জিয়াউল হক মৃধার ছেলে। তিনি কলাখালী ইউনিয়ন ছাত্রদলের সদস্য ছিলেন।
নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, সাজিদুলের সঙ্গে পার্শ্ববর্তী দাউদপুর গ্রামের আশীষ হাওলাদারসহ কয়েক ব্যক্তির বিরোধ রয়েছে। সোমবার দুপুরে সাজিদুল ও তাঁর চাচা জামিরুল হক মৃধা দাউদপুর বাজারের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় আশীষ, সোহেল, নাঈমসহ ১৫ থেকে ১৬ ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে সাজিদুল ও জামিরুলের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা চাচা ও ভাতিজাকে রামদা, চাপাতি ও কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন গুরুতর আহত জামিরুল ও সাজিদুলকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা পৌনে সাতটায় সাজিদুল মারা যান। গতকাল মঙ্গলবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত ব্যক্তির লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
নিহত ব্যক্তির চাচা জামিরুল হক মৃধা ও আত্মীয় পিরোজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরোয়ার হোসেন বলেন, দাউদপুর বাজারে সাজিদুলের কাঠের ব্যবসা রয়েছে। এ নিয়ে হত্যাকারীদের সঙ্গে সাজিদুলের বিরোধ ছিল।
পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন গতকাল দুপুরে ছাত্রদলের নেতা সাজিদুল হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
ঘটনার পর পলাতক থাকায় আশীষ, সোহেল ও নাঈমের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
খুলনার সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান বলেন, লাশের সুরতহাল করার সময় নিহত ব্যক্তির শরীর ও মাথায় ধারালো অস্ত্রের ২৩টি কোপের চিহ্ন পাওয়া গেছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা নেওয়া হবে।