পিরোজপুরে নারীর পায়ের রগ কর্তন
পিরোজপুরের কাউখালী উপজেলায় ময়না আক্তার (২২) নামের এক নারীর এক হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত নয়টার দিকে উপজেলার কেউনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ময়না কেউনদিয়া গ্রামের ইমাম হোসেন মৃধার মেয়ে।
ইমাম হোসেন মৃধা বলেন, বুধবার রাত পৌনে নয়টার দিকে ময়না অজু করার জন্য ঘর থেকে বের হয়ে বাড়ির পুকুরে যান। এ সময় মুখোশ পরা চার ব্যক্তি ময়নাকে জোর করে তুলে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি মাঠে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে বাঁ হাত ও দুই পায়ের রগ কেটে দেয়। ময়নার চিৎকার শুনে মাঠের পাশের বাড়ির বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাত পৌনে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অলি উল্লাহ বলেন, ময়না আক্তারের বাঁ হাত ও দুই পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে সেখানে অস্ত্রোপচার করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ময়না আক্তার প্রথম আলোকে বলেন, ঝালকাঠি সদর উপজেলার বারুহার গ্রামের শহিদুল ইসলাম মৃধার সঙ্গে তাঁর এক বছর আগে বিয়ে হয়। বিয়ের পর তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। তিন সপ্তাহ আগে তাঁদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। সাবেক স্বামী ও তাঁর পরিবারের লোকজন এ ঘটনায় জড়িত থাকতে পারেন বলে ময়নার সন্দেহ।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় ময়নার সাবেক স্বামী শহিদুল ইসলাম মৃধার ভাই নজরুল ইসলামকে আটক করা হয়েছে। শহিদুল পলাতক রয়েছেন।
প্রতিবাদে মানববন্ধন: ময়না আক্তারকে কুপিয়ে জখমের ঘটনার বিচারের দাবিতে কাউখালী উপজেলায় স্থানীয় মহিলা পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে নানা শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে মহিলা পরিষদের সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আবদুল লতিফ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহিদা হক, সাবেক সভাপতি জাহানুর বেগম, নির্বাহী সদস্য কবিতা বেগম, দিপু বসু প্রমুখ। বক্তারা ময়না আক্তারকে কুপিয়ে জখমের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।