পিরোজপুরে বৃদ্ধ ও কুষ্টিয়ায় গৃহবধূ খুন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুদিয়াকাঠি গ্রামে গতকাল সোমবার আবদুল হালিম (৭০) নামের এক ব্যক্তির মাটি চাপা দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর ছেলে মো. কায়সার তাঁকে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে।
একই দিন কুষ্টিয়ার মিরপুরে শেফালী খাতুন (২৫) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, আবদুল হালিম ও তাঁর ছোট ছেলে কায়সার গ্রামের বাড়ি সুদিয়াকাঠিতে থাকতেন। পরিবারের অন্য সদস্যরা ঢাকায় থাকেন। গত রোববার সন্ধ্যা সাতটার পর হালিম নিখোঁজ হন। রাতে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাঁর কোনো সন্ধান পাননি। গতকাল সকালে প্রতিবেশীরা বাড়ির সামনের বাগানে গর্ত খোঁড়ার মাটি এবং বাগানের আশপাশে ছড়িয়ে থাকা রক্তের ছোপ ছোপ দাগ দেখতে পান। এতে তাঁদের সন্দেহ হয়। পরে তাঁরা পুলিশে খবর দেন। দুপুরে নির্বাহী হাকিম এইচ এম সালাহউদ্দীনের উপস্থিতিতে পুলিশ মাটি খুঁড়ে হালিমের লাশ উদ্ধার করে। এ সময় বাড়ির পাশের একটি শৌচাগার থেকে হালিমের রক্তমাখা কাপড়, ঘটনাস্থলের আশপাশ থেকে এক বোতল পেট্রল, একটি শাবল ও হাতুড়ি উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে কায়সার পলাতক রয়েছেন।
এ ব্যাপারে নির্বাহী হাকিম এইচ এম সালাহউদ্দীন জানান, লাশের সুরতহাল দেখার সময় নিহত ব্যক্তির মাথা ও বাঁ চোখের পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হাতুড়ি দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে জানান, কায়সার তাঁর বাবার কাছে টাকা চেয়েছিলেন। টাকা না পেয়ে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। কায়সারের বিরুদ্ধে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
মিরপুর থানার পুলিশ সূত্রের বর্ণনা অনুযায়ী, শেফালী উপজেলার আমলা ইউনিয়নের কুশাবাড়িয়া গ্রামের মোহাম্মদ বুদোর স্ত্রী। গতকাল দুপুরে পারিবারিক কলহের জের ধরে বুদোর সঙ্গে শেফালীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বুদো বঁটি দিয়ে শেফালীর মাথায় সজোরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শেফালীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
থানার ওসি কাজী জালাল উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর থেকে বুদো পলাতক রয়েছেন।