পিরোজপুরে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পূর্ব জলাবাড়ি এলাকায় আজ শনিবার সকালে জসিম উদ্দিন হাওলাদার (৩৫) নামের এক সুপারি ব্যবসায়ীকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত জসিমের বাড়ি উপজেলার দুর্গাকাঠি গ্রামে। এ ঘটনায় ওই এলাকার স্বদেশ বড়াল ও রতন বৈদ্য নামের দুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টার দিকে পূর্ব জলাবাড়ি এলাকার একটি বিদ্যালয়ের পাশে চায়ের দোকানে বসে জসিম ও তাঁর চাচাতো ভাই আলী হোসেন চা পান করছিলেন। এ সময় ২৫ থেকে ৩০ জন লোক সেখানে গিয়ে জসিমকে ধরে নিয়ে যায়। এরপর তারা জসিমকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দুই পায়ে রড বিদ্ধ করে। এতে ঘটনাস্থলেই জসিমের মৃত্যু হয়। পরে লাশ বিদ্যালয়ের কাছে একটি সেতুর ওপর ফেলে রাখে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। পিরোজপুর সদর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।

আলী হোসেন ও নিহতের ছোট ভাই শিমুল হাওলাদার অভিযোগ করেন, জলাবাড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আশিষ বড়ালের নেতৃত্বে তাঁর লোকজন জসিম উদ্দিনকে পিটিয়ে ও পায়ে লোহার রড ঢুকিয়ে হত্যা করে। জসিম এক সময়ে আশিষ বড়ালের লোক ছিলেন। পরে তিনি আশিষ বড়ালের পক্ষ ত্যাগ করায় তাঁদের মধ্যে শত্রুতা দেখা দেয়।

আশিষ বড়ালের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে জসিম উদ্দিনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।