পিরোজপুরের সদর উপজেলার কচুবুনিয়া গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে শ্বশুর ও পুত্রবধূ খুন হয়েছেন। পুলিশ ও নিহত ব্যক্তিদের পরিবার বলছে, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন রাজেন্দ্রনাথ হালদার (৭৫) ও তাঁর ছেলে সুশীল হালদারের স্ত্রী মেরী হালদার (৩৮)। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একই গ্রামের মৃত্যুঞ্জয় মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও নিহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, রাজেন্দ্রনাথ হালদার ও তাঁর পুত্রবধূ মেরী হালদার ওই বাড়িতে বসবাস করতেন। সুশীল হালদার ঢাকায় থাকেন। সুশীল-মেরী দম্পতির দুই মেয়ে ভোলা ও পিরোজপুর শহরে থেকে পড়াশোনা করছেন। গত বৃহস্পতিবার বিকেলে মেরী হালদার ওষুধ কেনার জন্য বাড়ি থেকে পার্শ্ববর্তী বটতলা বাজারে যান। সন্ধ্যার পর অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে ঢুকে আলমারি ও ড্রেসিং টেবিলের তালা ভেঙে মালামাল তছনছ করে এবং রাজেন্দ্রনাথ হালদারকে শ্বাসরোধে হত্যা করে। বাজার থেকে মেরী হালদার বাড়ি ফিরলে তাঁকেও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। রাত আটটার দিকে ওই বাড়িতে নির্মাণাধীন মন্দিরের রাজমিস্ত্রি বাজার থেকে ফিরে ঘর অন্ধকার দেখে ভেতরে ঢুকে দুটি মৃতদেহ দেখতে পান। গতকাল শুক্রবার দুপুরে পিরোজপুর সদর হাসপাতাল মর্গে নিহত ব্যক্তিদের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় দুপুরে সুশীল হালদার বাদী হয়ে মৃত্যুঞ্জয় মণ্ডলকে সন্দেহভাজন আসামি করে থানায় মামলা করেছেন।
সুশীল হালদার অভিযোগ করেন, জমি নিয়ে মৃত্যুঞ্জয় মণ্ডলের সঙ্গে তাঁদের পরিবারের বিরোধ রয়েছে। পূর্বশত্রুতার জের ধরে তাঁর বাবা ও স্ত্রীকে হত্যা করা হয়েছে।
সদর থানার ওসি মো. এনায়েত হোসেন বলেন, রাজেন্দ্রনাথ হালদারের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত করার পর শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছে। এ সময় পুত্রবধূ মেরী বাড়িতে ফিরলে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। পিরোজপুরের পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনাটিকে ভিন্ন দিকে নেওয়ার জন্য হত্যাকারীরা ঘরের মালামাল তছনছ করে।