পিরোজপুরে সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে চিঠি
পিরোজপুরে বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার তিনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চিঠিটি পান।
এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে বেসরকারি টেলিভিশন আরটিভির জেলা প্রতিনিধি ও পিরোজপুর প্রেসক্লাবের সদস্য রিয়াজ আহমেদ কাউখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সাংবাদিক রিয়াজ আহমেদ বলেন, মঙ্গলবার বিকেলে তিনি চিঠিটি পান। প্রেরকের নাম হাবিবুর রহমান। ঠিকানা লেখা রয়েছে: ধানমন্ডির ১১/এ সড়কের ৩৮ নম্বর বাড়ির চতুর্থ তলা। এরপর খাম খুলে দেখতে পান চিঠিটি হাতে লেখা। তাতে বলা হয়, সাংবাদিকতা পেশা না ছাড়লে তাঁকে হত্যা বা চিরতরে পঙ্গু করে দেওয়া হবে। এরপর ফরিদপুরের সাংবাদিক প্রবীর সিকদারসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের পরিণতির কথা উল্লেখ করে রিয়াজকে আবারও সাংবাদিকতা ছেড়ে দিতে বলা হয়। চিঠিটি ঢাকার শুক্রাবাদ সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে পাঠানো হয়েছে।
রিয়াজ আরও বলেন, ‘ঢাকার ধানমন্ডি এলাকার হাবিবুর রহমান নামে কাউকে চিনি না। চিঠির প্রেরক হয়তো ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করতে পারেন।’