পিরোজপুরে সাবেক সাংসদ শাহ আলমের বাড়িতে ভাঙচুর
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামে আওয়ামী লীগের সাবেক সাংসদ শাহ আলমের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাত পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে।
শাহ আলম পিরোজপুর-২ আসন থেকে ২০০৮ সালে সাংসদ নির্বাচিত হন। ২০১৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়নবঞ্চিত হন।
শাহ আলম জানান, ১১ ডিসেম্বর পিরোজপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে শাহ আলম সবাইকে নিয়ে একটি গ্রহণযোগ্য কমিটি গঠনের পক্ষে ছিলেন। এ কারণে তিনি জেলা আওয়ামী লীগের একটি পক্ষের বিরাগভাজন হন। তাঁর প্রতিপক্ষ কারও প্ররোচনায় গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার দক্ষিণ কৌড়িখাড়া গ্রামের তন্ময় ও সৌরভের নেতৃত্বে ১০ থেকে ১২ জন যুবক শাহ আলমের বাড়িতে যান। এ সময় তাঁরা বাড়ির প্রধান ফটক ভাঙচুর করেন এবং বাড়ির ভেতরের শানবাঁধানো বসার বেঞ্চ ভেঙে ফেলেন। এরপর বাড়ির নারকেলগাছ থেকে ডাব পেড়ে কেটে টুকরো টুকরো করেন এবং বাড়ির প্রধান ফটকের সঙ্গে রিকশার টায়ার বেঁধে আগুন দেওয়ার চেষ্টা চালান।
শাহ আলম অভিযোগ করেন, ‘তন্ময় ও সৌরভ স্থানীয়ভাবে বখাটে হিসেবে পরিচিত। তাঁরা আমার বাড়িতে ভাঙচুর করেন এবং টায়ার দিয়ে আগুন লাগানোর চেষ্টা করেন।’
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জসিম উদ্দিন খান এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, একজন সাবেক সাংসদের বাড়িতে যাঁরা ভাঙচুর চালানো সাহস পান, তাঁদের কাছে সাধারণ নেতা-কর্মী কতটা অসহায়, তা সহজেই বোঝা যায়।
মো. তন্ময় অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা এ ঘটনার সঙ্গে জড়িত নই। আমাদের বিরুদ্ধে কে অভিযোগ করেছে?’ শাহ আলম অভিযোগ করেছেন জানালে তন্ময় আবারও বিষয়টি অস্বীকার করেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমি সাবেক সাংসদের বাড়িতে পুলিশ পাঠিয়েছিলাম। স্থানীয় কিছু ছেলে বনভোজন করার পর সাবেক সাংসদের বাড়ির শানবাঁধানো বেঞ্চ ভেঙেছে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।’