পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ এ কে এম এ আউয়ালের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছে জেলা ছাত্রলীগ। গতকাল শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে সাংসদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, মনোনয়ন-বাণিজ্য, দলীয় নেতা-কর্মীদের হয়রানিসহ নানা অভিযোগ আনা হয়।
এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম। এতে বলা হয়, অছাত্র, মাদকাসক্ত ও জামায়াতের নেতাদের সন্তানদের নিয়ে জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে বলে গত শুক্রবার সাংসদ রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে মন্তব্য করেন।
ছাত্রলীগের লিখিত বক্তব্যে আরও বলা হয়, ২০১০ সালে সম্মেলনের মাধ্যমে ফয়সাল মাহবুবকে সভাপতি ও তানভীর মুজিবকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের জেলা ছাত্রলীগের কমিটি গঠন করে দেয় কেন্দ্রীয় কমিটি। সাংসদ আউয়ালের পছন্দের লোক কমিটিতে না রাখায় পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি ওই কমিটি। সাংসদের রোষানলে পড়ে ফয়সালকে কারাবরণ করতে হয়। কেন্দ্রীয় কমিটি ২০১৩ সালে হাসান আম্মানকে সভাপতি ও খায়রুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি করে। কেন্দ্রীয় কমিটি বারবার তাগাদা দেওয়ার পরও সাংসদ বাধা দেওয়ায় পূর্ণাঙ্গ কমিটি করা যায়নি। পরে গত বছরের ২৪ জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগ শুভ্রজিৎ হালদারকে সভাপতি ও খায়রুল ইসলামকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের কমিটি করে দেয়। ২০ জুন ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির অনুমোদন পায়। সাংসদের পছন্দের লোক পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পাওয়ায় তিনি জেলা ছাত্রলীগের নেতাদের ওপর ক্ষুব্ধ হয়েছেন। এ কারণে তিনি সেগুনবাগিচায় সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ তোলেন।
জেলা ছাত্রলীগের সভাপতি শুভ্রজিৎ হালদার বলেন, ‘আমরা সাংসদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলতে চাই, জেলা ছাত্রলীগে একজনও স্বাধীনতাবিরোধী, খুনি, মাদকসেবী ও অছাত্র নেই। সাংসদ অভিযোগ করেছেন, জেলা ছাত্রলীগের সহসভাপতি রাজুর বাবা পৌর জামায়াতের নেতা, অথচ আমাদের কমিটিতে রাজু নামের কোনো সহসভাপতি নেই।’
লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাংসদ আউয়াল আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন ইউপিতে বিদ্রোহী প্রার্থী দাঁড় করান। সাংসদের এ ধরনের সিদ্ধান্তের প্রতিবাদ করে তাঁর দুই ভাই পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান ও পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করে তাঁদের বিজয়ী হতে সহযোগিতা করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর ভাইদের ও প্রশাসনের বিরুদ্ধে ছাত্রলীগকে মিছিল করতে বলেন। এ ছাড়া জেলা ছাত্রলীগকে তাঁর সমর্থিত বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাতে বলেন। এতে অস্বীকৃতি জানালে সাংসদ ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর নানাভাবে চাপ প্রয়োগ করে ব্যর্থ হন। এ ছাড়া সাংসদ টেন্ডারবাজি ও জমি দখলে ব্যবহার করতে চাইলে ছাত্রলীগ তাঁর কথা অনুযায়ী কাজ করেনি। এসব কারণে তিনি জেলা ছাত্রলীগের প্রতি এসব ভিত্তিহীন অভিযোগ তুলছেন।
সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সহসভাপতি রফিকুল ইসলাম, সানাউল্লাহ সানা, সুমন শিকদার, মেজবাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বক্তব্য জানতে সাংসদ আউয়ালের সঙ্গে গতকাল বিকেলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি মুঠোফোন ধরেননি। পরে খুদে বার্তা পাঠালেও তিনি সাড়া দেননি।