পিরোজপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর শহরের খুমুরিয়া এলাকার ভারানী খাল থেকে আজ বুধবার সকালে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শিক্ষকের নাম গৌরাঙ্গ লাল সাহা (৮০)। তিনি পিরোজপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি শহরের রাজারহাট মহল্লায়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে গৌরাঙ্গ লাল সাহা বাসা থেকে বের হন। রাতে তিনি বাড়ি ফেরেননি। আজ সকালে স্থানীয় লোকজন ভারানী খালে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে গৌরাঙ্গ লাল সাহার নাতি মিঠুন সাহা লাশ শনাক্ত করেন।

মিঠুন সাহা জানান, মাঝেমধ্যেই রাতে বাসায় ফিরতেন না গৌরাঙ্গ লাল সাহা। এ কারণে পরিবারের লোকজন তাঁর খোঁজ করেননি। সকালে লাশ উদ্ধারের খবর পেয়ে তাঁকে শনাক্ত করেন। এক ব্যক্তির সঙ্গে জমি নিয়ে তাঁর (গৌরাঙ্গ লাল সাহা) বিরোধ ছিল। এ ঘটনার জের ধরে তাঁকে হত্যা করা হতে পারে।

পিরোজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, কোনো কারণে তিনি খালে পড়ে যেতে পারেন। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।