পিরোজপুরে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আবদুল মান্নান খানের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আদালতে মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পিরোজপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।

ইন্দুরকানি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের দেলোয়ার ফরাজী নামের এক ব্যক্তি বাদী হয়ে ১৯ এপ্রিল পিরোজপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ মামলা করেন। আরজিতে বলা হয়েছে, আবদুল মান্নান খান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, হিন্দুদের ধর্মান্তরিত ও ধর্ষণ করেন।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবদুল মান্নান খানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় কাউখালী উপজেলার শংকরপুর গ্রামের নশাই মিস্ত্রির ছেলে রমেশ মিস্ত্রিকে রামচন্দ্রপুর গ্রামে প্রকাশ্যে হত্যা, ইন্দুরকানি উপজেলার মসিদ মালো, তাঁর মেয়ে সুপ্রিয়া মালো, রনিকা মালো, একই উপজেলার গাবগাছিয়া গ্রামের ওয়াজেদ মীর ও চারাখালী গ্রামের গণেশ হালদারকে হত্যার অভিযোগ করা হয়েছে। এ ছাড়া তিনি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নিতাই হালদার, কালিপদ, গৌরাঙ্গ মিস্ত্রি, সুশীল ঠাকুর, নিরঞ্জন বাওয়ালী, চিত্ত হালদার, নিরঞ্জন হালদারের বাড়িসহ কবিরাজ, বড়বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ছিলেন। মান্নান খানের বিরুদ্ধে এ মামলায় ১৯টি অভিযোগ আনা হয়েছে। ২২ জনকে সাক্ষী করা হয়েছে।

জানতে চাইলে মামলার বাদী দেলোয়ার ফরাজী বলেন, ‘মান্নান খান পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে ইন্দুরকানি উপজেলার বিভিন্ন গ্রামের মানুষদের হত্যা, ঘরবাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ ও নারীদের ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেন। আমি তাঁর মতো একজন কুখ্যাত রাজাকারের বিচারের পথ সুগম করতে মামলাটি করেছি।’

অভিযোগ অস্বীকার করে আবদুল মান্নান খান বলেন, ‘জমি নিয়ে দেলোয়ার ফরাজীর সঙ্গে আমার বিরোধ আছে। এর জেরে তিনি আমাকে হয়রানির উদ্দেশ্যে মামলাটি করেছেন।’

ইন্দুরকানি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বেলায়েত হোসেন বলেন, মান্নান খানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে লুটের অভিযোগ রয়েছে।

 সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) কাজী জাকির হোসেন বলেন, গতকাল শুনানি শেষে বিচারক মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দিয়েছেন।