পিরোজপুরে কলেজশিক্ষককে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর পৌরসভায় গতকাল সোমবার সদানন্দ গাইন (৫০) নামের এক কলেজশিক্ষককে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হামলাকারীর পরিচয় বা এর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

সদানন্দ গাইন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি পৌর শহরের পালপাড়া মহল্লার বাসিন্দা।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বাসা থেকে গতকাল ভোরে প্রাতর্ভ্রমণে বের হন সদানন্দ। ছয়টার দিকে পৌরসভার ঝাটকাঠি এলাকায় নবনির্মিত কারাগারের সামনের সড়কে এক যুবক তাঁর ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। স্থানীয় লোকজন শিক্ষককে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ননী গোপাল বলেন, সদানন্দের কপালের ওপরে ধারালো অস্ত্রের আঘাতের জখম রয়েছে।