পিরোজপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
পিরোজপুর সদর উপজেলায় এক কিশোরীকে (১৫) ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও ভুক্তভোগী কিশোরীর পরিবারের সদস্যরা জানান, গত শনিবার বিকেলে মেয়েটি বাড়ি থেকে উপজেলার জুজখোলা গ্রামে যাচ্ছিল। কদমতলা বাজারের বাসিন্দা রানা মেয়েটিকে জোর করে অটোতে (তিন চাকার মোটরযান) তুলে জেলার কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের এক বাড়িতে নিয়ে যায়। সেখানে রানা মেয়েটিকে আটকে রেখে ধর্ষণ ও মারধর করে।
গত মঙ্গলবার রাতে রানা নিজেই মেয়েটিকে কদমতলা বাজারে নিয়ে আসে এবং তার পরিবারের লোকদের খবর দেয়। খবর পেয়ে মেয়েটির বড় ভাই সেখানে গেলে রানা তাকে (মেয়েটিকে) ফেরত দেয়।
মেয়েটির ভাই বলেন, রানা তাঁকে বলে, তিন লাখ টাকা দিলে সে তাঁর বোনকে বিয়ে করবে। রানা তাঁর বোনের শরীরের বিভিন্ন জায়গায় ব্লেড দিয়ে জখম করেছে।
মেয়েটির পরিবার অভিযোগ না করলেও খবর পেয়ে পুলিশ গতকাল বুধবার দুপুরে মেয়েটিকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে কথা বলার জন্য ফোন করলেও সদর হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক তা ধরেননি।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, এ ঘটনায় মেয়েটির পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।