পিরোজপুরে তিন জাল টাকা ব্যবসায়ীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে তিন জাল টাকা ব্যবসায়ীকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক এস এম জিল্লুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন জেলার ভান্ডারিয়া উপজেলার পশারিবুনিয়া গ্রামের সোবহান চৌকিদারের ছেলে বশির আহমেদ (২৮), একই উপজেলার নদমূলা গ্রামের মৃত আসমত আলী মৃধার ছেলে আবদুল মালেক মৃধা (৫০) ও মো. দুলাল মৃধা (৩৫)। রায় ঘোষণার সময় বশির আহমেদ উপস্থিত ছিলেন। আবদুল মালেক মৃধা ও দুলাল মৃধা পলাতক।

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১২ সালের ৫ নভেম্বর গোপন তথ্যের ভিত্তিতে ভান্ডারিয়া উপজেলার শিয়ালকাঠি গ্রাম থেকে জাল টাকাসহ বশির আহমেদ, মালেক মৃধা ও দুলাল মৃধাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি ১০০ টাকার ও একটি ১ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) নূরুল আমিন সিকদার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে তিনজনের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করেন। ২০১৩ সালের ৩১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা এসআই নুরুল আমিন সিকদার তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।