পিরোজপুরে দপ্তরি নিয়োগ বাণিজ্যের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগে অর্থ-বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। প্রতিটি পদের জন্য চার থেকে সাত লাখ টাকা করে নেওয়া হয়েছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জেপি) স্থানীয় কয়েকজন নেতা এই ঘটনায় জড়িত বলে নিয়োগবঞ্চিত ব্যক্তিরা এই অভিযোগ করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে দপ্তরি নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, চাকরির জন্য তিনি নিয়োগ বোর্ডের এক সদস্যকে ছয় লাখ টাকা দিয়েছিলেন। পরে আরেক প্রার্থী সাত লাখ টাকা দেওয়ায় তাঁর চাকরি হয়নি।

অনুসন্ধানে জানা গেছে, ওই বিদ্যালয়গুলোর দপ্তরি কাম নৈশপ্রহরী পদে নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২২ মে। বিদ্যালয়গুলো হলো লাহুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরাণীপত্তাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য বালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য চরবলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাসেম সরদার মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৭ জুন লিখিত ও মৌখিক পরীক্ষা হয়। ৩ জুলাই ১২ জনকে যোগদানের জন্য চিঠি দেওয়া হয়। ছয় সদস্যের নিয়োগ বোর্ডের সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সদস্যসচিব উপজেলা শিক্ষা কর্মকর্তা, সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ সাঈদী, স্থানীয় সাংসদ আনোয়ার হোসেন মঞ্জুর প্রতিনিধি জাতীয় পার্টির উপজেলা সভাপতি আসাদুল কবির তালুকদার, সংশ্লিষ্ট বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক।

নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া ১৬ জন বলেন, এই নিয়োগ নিয়ে আওয়ামী লীগ ও জেপির নেতাদের মধ্যে সমঝোতা হয়। তাঁরা প্রতিটি পদের জন্য চার থেকে সাত লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। কয়েকটি বিদ্যালয়ে একাধিক চাকরিপ্রত্যাশীর কাছ থেকে টাকা নেওয়া হয়। পরে সর্বোচ্চ টাকা দেওয়া ব্যক্তিকে নিয়োগ দিয়ে বাকিদের টাকা ফেরত দেওয়া হয়।

উপজেলার চরাণীপত্তাশী গ্রামের কাসেম সরদার মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কাসেম সরদারের নাতি কামাল সরদার দপ্তরি পদে আবেদন করেছিলেন। তাঁকে না নিয়ে নেওয়া হয়েছে মো. নাঈম শেখ নামের আরেকজনকে। কামাল সরদার আক্ষেপ করে বলেন, ‘আমার দাদার নিজের জমিতে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে আমার চাকরি হলো না। এক নেতাকে চার লাখ টাকা দিয়েছিলাম। কিন্তু সাত লাখ টাকা দিয়ে আরেকজন চাকরি পেলেন।’

ইন্দুরকানি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মাহাবুবুল আলম হাওলাদার বলেন, ‘উমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি পদের জন্য আমার ছেলে আবেদন করেছিল। শুনেছি, চার লাখ টাকা নিয়ে জামায়াতের এক সমর্থকের ছেলেকে নিয়োগ দেওয়া হয়েছে।’

যুব সংহতির উপজেলা শাখার যুগ্ম সম্পাদক আবুল বাশার মৃধা বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেপির সভাপতি এই নিয়োগ-বাণিজ্যে জড়িত ছিলেন।

তবে এই অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মতিউর রহমান বলেন, ‘নিয়োগসংক্রান্ত বোর্ডের সদস্য বা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আমার কোনো কথা হয়নি।’

উপজেলা জেপির সভাপতি ও নিয়োগ বোর্ডের সদস্য আসাদুল কবির তালুকদার বলেন, দপ্তরি নিয়োগে টাকা নেওয়ার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

ইউএনও মো. নুরুল হুদা বলেন, ‘কোনো ধরনের নিয়োগ-বাণিজ্য হয়নি। তা ছাড়া এই বিষয়ে আমার কাছে কেউ কোনো অভিযোগও করেননি।’