পিরোজপুরে পূর্বশত্রুতার জের ধরে দুই ভাইয়ের পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া তাঁদের হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল বুধবার সকালে সদর উপজেলার উত্তর কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের হেমায়েত শেখ (৩৭) ও তাঁর ছোট ভাই বেলায়েত শেখ (৩৫)। আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বেলায়েত শেখের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা আছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেছেন, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে দুই ভাইকে পরিকল্পিতভাবে কুপিয়ে জখম করা হয়েছে। তবে আহত বেলায়েত শেখের ছেলে সুজন শেখ বলেন, রাস্তায় সরকারি গাছ কেটে নেওয়ার প্রতিবাদ করায় তাঁর বাবা ও চাচাকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে জখম করেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সুজন শেখের ভাষ্য, তাঁর বাবা (বেলায়েত শেখ) গতকাল সকাল নয়টার দিকে উত্তর কদমতলা গ্রামের একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একই গ্রামের রিয়াজুল শেখ এসে তাঁকে পার্শ্ববর্তী একটি সেতুর কাছে ডেকে নিয়ে যান। সেখানে আগে থেকে প্রস্তুত থাকা মো. আনিস, মো. আকিজ, সিরাজুল, সাত্তারসহ ১০-১২ জনের একটি দল তাঁর বাবাকে মারধর শুরু করে। খবর পেয়ে তাঁর চাচা হেমায়েত শেখ ঘটনাস্থলে ছুটে এলে তাঁকেও মারধর করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের কুপিয়ে জখম করে পায়ের রগ কেটে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।
পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক নিজাম উদ্দিন জানান, ধারালো অস্ত্রের কোপে হেমায়েত ও বেলায়েতের চার পায়েরই রগ কেটে গেছে। এ ছাড়া তাঁদের হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। এতে তাঁদের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের দুপুরে খুলনায় পাঠানো হয়েছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র দাস জানান, হেমায়েত ও বেলায়েতের ওপর আক্রমণকারীদের বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই।
কিন্তু হামলার শিকার বেলায়েতের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা রয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মোল্লা। তিনি বলেন, এ ঘটনায় গতকাল রাত পর্যন্ত কোনো মামলা হয়নি।