চার পুরোহিত ও সেবায়েতকে হত্যার হুমকি
দেশের তিন জেলার চারজন পুরোহিত ও সেবায়েতকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। তারা হলেন রংপুর শহরের আনন্দময়ী সেবা আশ্রমের পুরোহিত বিজয় চক্রবর্তী, পটুয়াখালীর বাউফল পৌরসভার বিশ্ব কল্যাণ গীতা আশ্রমের সেবায়েত পরিতোষ চন্দ্র সাহা, পিরোজপুর শহরের কেন্দ্রীয় সর্বজনীন কালীমন্দিরের পুরোহিত সলিল মুখার্জি এবং পিরোজপুর পালপাড়া সর্বজনীন দুর্গা ও কালীমন্দিরের পুরোহিত রুহিত দাস পাল। তাঁদের পৃথকভাবে চিঠি দিয়ে ও সশরীরে এসে এ হুমকি দেওয়া হয়।
রংপুর: আজ রংপুর শহরের কলেজ রোডে আনন্দময়ী সেবা আশ্রমের পুরোহিত বিজয় চক্রবর্তীকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি তাঁর পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বিজয় চক্রবর্তী জানান, প্রতিদিনের মতো তিনি আজ সকাল সোয়া আটটার দিকে আশ্রমে যান। আশ্রমে প্রবেশ করেই মেঝেতে একটি হলুদ খাম পড়ে থাকতে দেখেন। পরে সেটি খুলে দেখেন তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পুরোহিতসহ তাঁর পরিবার এবং সেবা আশ্রমের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
পটুয়াখালী: বাউফলে বিশ্ব কল্যাণ গীতা আশ্রমের সেবায়েত পরিতোষ চন্দ্র সাহাকে মুখোশ পড়া এক দুর্বৃত্ত হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রায় ১৪ বছর ধরে তিনি ওই আশ্রমে সেবায়েত হিসেবে কর্মরত রয়েছেন।
পরিতোষ চন্দ্র সাহা বলেন, আজ সকাল সাড়ে ছয়টার দিকে তিনি আশ্রম ধোয়া-মোছার কাজ করছিলেন। ওই সময় রেইনকোট পরিহিত ও মুখমণ্ডল ঢাকা এক দুর্বৃত্ত এসে তাঁকে কয়েক দিনের মধ্যেই মেরে ফেলা হবে বলে হুমকি দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি আশ্রমের সভাপতি সুশান্ত কুমার সাহাসহ স্থানীয়দের জানান।
সুশান্ত কুমার সাহা বলেন, হুমকির বিষয়টি পুলিশকে জানানোর পর আশ্রম ও মন্দির এলাকায় পুলিশ পাহারা বসানো হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী বলেন, মন্দির কমিটি ও স্থানীয় লোকজনদের ডেকে জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলায় করণীয় সম্পর্কে সচেতনতামূলক সভা করা হয়েছে।
পিরোজপুর: শহরের দুটি মন্দিরের পুরোহিতকেও একই ধরনের চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সর্বজনীন কালীমন্দিরের পুরোহিত সলিল মুখার্জি জানান, আজ সোমবার সকালে মন্দিরের সিঁড়ির ওপর একটি চিঠি পাওয়া যায়। চিঠিতে ‘কিলিং টার্গেট মিশন’ এবার পিরোজপুরে উল্লেখ করে পুরোহিত এবং হিন্দু সংগঠনের নেতাদের মৃত্যু অনিবার্য বলে হুমকি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের এক নেতা ও বিএনপির বর্তমান জনপ্রিয় নেতার সহযোগিতায় হত্যা ও টার্গেট কিলিং মিশন সফল হবে বলেও জানানো হয় চিঠিতে। একই ধরনের আরেকটি চিঠি দেওয়া হয়েছে পালপাড়া সর্বজনীন দুর্গা ও কালীমন্দিরের পুরোহিত রুহিত দাস পালকে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘পিরোজপুর শহরের দুই মন্দিরে পুরোহিত ও হিন্দু সম্প্রদায়ের লোকজনকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়ার খবর পেয়ে পুলিশ মন্দিরে গিয়ে খোঁজখবর নিয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। এ ঘটনায় দুপুর পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ বা সাধারণ ডায়েরি করেনি।’