পিরোজপুরে ধর্ষণের চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের চেষ্টার অভিযোগে আল মামুন (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে মেয়েটির বাবা বাদী হয়ে আল মামুনের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলাটি করেন।
ধর্ষণে বাধা দেওয়ায় আল মামুন প্রণব কুমার মজুমদার (২০) নামের এক কলেজছাত্রকে ব্লেড দিয়ে জখম করেছেন। আল মামুনের বাড়ি শিকদার মল্লিক গ্রামে।
পিরোজপুর সদর থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস বলেন, আল মামুন বিবাহিত। তিনি বখাটে। গতকাল শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
থানা-পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা দুইটার দিকে মেয়েটি বাড়ির একটি পুকুরে গোসল করছিল। এ সময় আল মামুন মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালান। মেয়েটির ডাকচিৎকারে প্রতিবেশী প্রণব কুমার মজুমদার এগিয়ে আসেন এবং আল মামুনকে জাপটে ধরেন। আল মামুন পালাতে না পেরে প্রণব কুমার মজুমদারকে ব্লেড দিয়ে জখম করেন। এরপর স্থানীয় লোকজন আল মামুনকে আটক করে পুলিশে হস্তান্তর করেন। প্রণব কুমার মজুমদারকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রণব কুমার স্থানীয় এস কে মজুমদার কৃষি কলেজের ছাত্র।
মেয়েটির বাবা বলেন, আল মামুন প্রায়ই মেয়েটিকে উত্ত্যক্ত করতেন। বৃহস্পতিবার দুপুরে গোসল করার সময় হঠাৎ মামুন মেয়েটিকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করেন।