পিরোজপুরে পৌর কাউন্সিলরকে কুপিয়ে জখম
পিরোজপুর জেলা বিএনপির সহসভাপতি ও পৌর কাউন্সিলর আবদুস সালাম ওরফে বাতেনকে (৬৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত ১০টার দিকে শহরের বাইপাস সড়কের ষোলশহর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে শহরের শেখ পাড়ার বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা আবদুস সালামের ওপর হামলা করে। এ সময় ধারালো অস্ত্র (রামদা ও কুড়াল) দিয়ে তাঁর মাথা ও শরীরে কুপিয়ে জখম করা হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। রাতেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আবদুস সালাম পিরোজপুর পৌরসভায় পাঁচবার নির্বাচিত কমিশনার ও কাউন্সিলর।
পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, তাঁদের চলমান আন্দোলন রুখতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সালামকে কুপিয়ে জখম করেছে।
পিরোজপুর সদর থানার ওসি আবদুর রাজ্জাক মোল্লা বলেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।