পিরোজপুরে বন্দুক ও গুলিসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

পিরোজপুর সদর উপজেলা থেকে একটি বন্দুক, দুটি গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম চালিতাবাড়ি গ্রাম থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওই যুবকের নাম পলাশ সিকদার (৩২)। তিনি ওই গ্রামের আফজাল সিকদারের ছেলে। জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় পলাশসহ কিছু ব্যক্তি অস্ত্র কেনাবেচা করছিলেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চালিতাবাড়ি গ্রামে অভিযান চালায়। এ সময় একটি সুপারিবাগানে অস্ত্র কেনাবেচা করার সময় পুলিশ পলাশকে গ্রেপ্তার করে। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা সেখান থেকে পালিয়ে যান।

এ ঘটনায় ওইদিন রাতেই এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে পলাশ সিকদারের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করেন। পরে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার পলাশ সিকদার অস্ত্র ব্যবসায়ী। তিনি ডাকাত দলেরও সদস্য। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ ছয়টি মামলা রয়েছে।

জানতে চাইলে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ জেট এম মাসুদুজ্জামান বলেন, আজ দুপুরে পলাশ সিকদারকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। আগামীকাল রিমান্ডের জন্য আবেদন করা হবে।