পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বাবাকে হত্যার পর ছেলে আত্মহত্যা করেছেন। গত সোমবার মিরুখালী ইউনিয়নের নাপিতখালী গ্রামে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
একই দিন পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পেতনাখালী গ্রামে দেলোয়ার শেখ (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঠবাড়িয়ায় নিহত ব্যক্তিরা হলেন উপজেলার নাপিতখালী গ্রামের বাসিন্দা ও উত্তর মিরুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল জলিল (৬০) ও তাঁর ছেলে মিরুখালী কলেজের একাদশ শ্রেণির ছাত্র জহিরুল ইসলাম (১৮)।
জহিরুলের ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মা ফিরোজা বেগম (৪৫), প্রতিবেশী সেতারা বেগম (৪৫) ও মো. হারুন (৫০) গুরুতর জখম হন। ফিরোজা ও সেতারাকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী সেতারা বেগম ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আবদুল জলিলের বাড়ি উপজেলার মিরুখালী ইউনিয়নের নাগ্রাভাঙ্গা গ্রামে। তিনি কয়েকটি বিয়ে করেছেন। দ্বিতীয় স্ত্রী ফিরোজা বেগম ও ছেলে জহিরুলকে নিয়ে তিনি নাপিতখালী গ্রামে বসবাস করতেন। গতকাল বিকেলে জহিরুল কলেজ থেকে বাড়ি ফেরার পর জলিল তাঁকে খেতে ধানের চারা রোপণ করতে বলেন। জহিরুল সে কথা না শোনায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জহিরুল দা দিয়ে তাঁর বাবাকে কোপ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় জলিলকে উদ্ধার করতে গিয়ে ফিরোজা বেগম, সেতারা বেগম ও হারুন আহত হন।
ঘটনার আধা ঘণ্টা পর বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মিরুখালী গ্রামে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে জহিরুল আত্মহত্যা করেন।
সদর উপজেলার পেতনাখালী গ্রামে নিহত দেলোয়ার শেখ (৬০) এবং তাঁর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে দেলোয়ার শেখ বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর তাঁকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। এ সময় দেলোয়ারের চিৎকার শুনে তাঁর ছোট ভাই বাবুল শেখ (৫০) ঘটনাস্থলে এলে হামলাকারীরা তাঁকেও কুপিয়ে জখম করে। তাঁদের স্থানীয় লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন।