পিরোজপুরে বিএনপির সাবেক নেতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার বাঘমারা গ্রামের একটি ধান খেত থেকে নজরুল ইসলাম (৪৮) নামের এক বিএনপি নেতার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে ধান খেতে খড়ের মধ্য থেকে লাশটি উদ্ধার করা হয়। নজরুল এক সপ্তাহ আগে নিখোঁজ হন।

নজরুল পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের মৃত আবদুল কাদের হাওলাদারের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান নিহত নজরুলের স্ত্রী মনিকা পারভীনের বরাত দিয়ে প্রথম আলোকে জানান, এক সপ্তাহ আগে নজরুল নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনটিও বন্ধ ছিল। শনিবার সন্ধ্যায় স্থানীয় এক ব্যক্তি গরু নিয়ে বাড়ি ফেরার সময় দুর্গন্ধ গন্ধ পান। এরপর খড়ের মধ্যে একটা অর্ধ গলিত লাশ দেখতে পান। খবর পেয়ে নিহতের ছেলে শুভ হাওলাদার ঘটনাস্থলে গিয়ে নজরুলের পোশাক দেখে লাশ শনাক্ত করেন। রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পিরোজপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।