পিরোজপুরে বৃদ্ধ খুন, ছেলেকে সন্দেহ
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুদিয়াকাঠি গ্রামে আবদুল হালিম (৭০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। পুলিশের সন্দেহ, আবদুল হালিমের ছেলে মো. কায়সার (৩৭) টাকার জন্য বাবাকে খুন করেছেন।
নেছারবাদ থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুনুর রশীদের তথ্যমতে, গতকাল রোববার সন্ধ্যা সাতটা থেকে আবদুল হালিম নিখোঁজ ছিলেন। আজ সকাল সাতটার দিকে স্থানীয় লোকজন তাঁর বাড়ির পাশের বাগানে গর্ত খোঁড়ার মাটি এবং বাগানের আশপাশে ছড়িয়ে থাকা রক্তের ছোপ দেখেন। কাছে গিয়ে মাটিতে বৃদ্ধের লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। বাগানের পাশের একটি টয়লেটের কাছেই বৃদ্ধের রক্ত মাখা শীতের কাপড় এবং ছেলের জিন্সের প্যান্ট ও টিশার্ট পাওয়া যায়।
মো. মামুনুর রশীদের ভাষ্য, ম্যাজিস্ট্রেট আসার পর লাশ তোলা হবে।
পরিবারের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলামের ভাষ্য, ছেলে তাঁর বাবার কাছে টাকা চেয়েছিলেন। টাকা না পেয়ে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন।