পিরোজপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ শংকরপাশা গ্রামে গতকাল বৃহস্পতিবার রাতে মো. আসলাম খলিফা (২৪) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত আসলাম দক্ষিণ শংকরপাশা গ্রামের হাবিবুর রহমান খলিফার ছেলে। তিনি কোয়েল পাখির ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, গত রাতে আসলাম পার্শ্ববর্তী বৌডুবি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। রাত ১১টার দিকে তাঁর ওপর হামলা করে দুর্বৃত্তরা। তাঁকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা তাঁর লাশ বাড়ির সামনের ধানের খেতে ফেলে যায়। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
শংকরপাশা ইউনিয়নের গ্রামপুলিশ (দফাদার) মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, আসলামের মাথা, ঘাড় ও শরীরে ধারালো অস্ত্রের একাধিক কোপের জখম দেখা গেছে।
পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, আসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার কারণ উদ্ঘাটন ও খুনিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।