পিরোজপুরে মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দুটি মন্দির আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কুমারখালী গ্রামের চিন্ময় মজুমদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
চিন্ময় মজুমদার জানান, বৃহস্পতিবার রাত দুইটার দিকে তিনি বাড়ির সামনের কালী মন্দিরে আগুন দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভায়। এরপর তিনি বাড়ির পাশে গঙ্গা মন্দিরটিও পুড়ে গেছে দেখতে পান। চিন্ময় মজুমদার বলেন, ‘আমার সঙ্গে কারও বিরোধ নেই। মন্দিরে আগুন দেওয়ার ঘটনায় আমি বিস্মিত।’
এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে চিন্ময় মজুমদার বাদী হয়ে কারও নাম উল্লেখ না করে থানায় মামলা করেছেন। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনাস্থল পরিদর্শন শেষে আজ বিকেলে প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে। ঘটনায় জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।