পিরোজপুরে মায়ের বিরুদ্ধে শিশুসন্তান হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক কলহের জের ধরে পিরোজপুর শহরের সি আই পাড়ায় তামিম মোল্লা (৪) নামের এক শিশুকে কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে মা জায়েদা বেগমকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও হাসপাতাল সূত্রের ভাষ্য, ওই পাড়ার কালাম মোল্লার সঙ্গে তাঁর স্ত্রী জায়েদার কলহ চলছিল। বুধবার রাতে আবারও ঝগড়া হয় তাঁদের। এরপর জায়েদা একমাত্র সন্তান তামিমকে কীটনাশক খাইয়ে নিজেও তা খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়া স্ত্রী ও সন্তানকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন কালাম। সেখানে গতকাল ভোর চারটার দিকে তামিম মারা যায় এবং জায়েদাকে বাসায় পাঠানো হয়।
দুপুরে শিশুটির লাশের ময়নাতদন্ত শেষ হলে পুলিশ মা জায়েদাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় বিকেলে পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মৃণাল চন্দ্র সিকদার শিশুটির মা ও বাবাকে আসামি করে হত্যা মামলা করেছেন।
থানার এসআই আল মামুন প্রথম আলোকে বলেন, কালাম মোল্লার সঙ্গে এক নারীর সম্পর্ক ঘিরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল বলে তাঁরা শুনেছেন। এ ব্যাপারে গ্রেপ্তারের পর জায়েদা পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুজ্জামান বলেন, শিশুর বাবা পলাতক রয়েছেন।