পিরোজপুরে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পূর্ব মাটিভাঙা গ্রামে গতকাল বুধবার রাতে রাসেল খান (৩০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রাসেল পার্শ্ববর্তী ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বলতলা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে রাসেল স্থানীয় নতুন হাট থেকে ভান্ডারিয়ার পূর্ব মাটিভাঙা গ্রামের সড়ক দিয়ে বাড়ি যাচ্ছিলেন। রাত সোয়া আটটার দিকে দুর্বৃত্তরা রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সড়কের পাশে একটি ডোবার মধ্যে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, রাসেল খান পুলিশের তালিকাভুক্ত ডাকাত। তাঁর বিরুদ্ধে ভান্ডারিয়া ও কাঠালিয়া থানায় ডাকাতির অভিযোগে আটটি মামলা রয়েছে। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।