পিরোজপুরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাসেল শেখ
রাসেল শেখ

পিরোজপুরে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে রাসেল শেখ (৩৫) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় পিরোজপুর পৌর যুবলীগের সদস্য আবু সাঈদকে আটক করেছে পুলিশ।
রাসেল শেখ ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট ইউনিয়ন যুবলীগের কর্মী ছিলেন। তিনি ইন্দুরকানি উপজেলার লাহুরি গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রাজ্জাক শেখের ছেলে। নিহত রাসেল শেখ পিরোজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলামের ব্যক্তিগত মোটরসাইকেলচালক ছিলেন।
হাসপাতাল, প্রত্যক্ষদর্শী ও নিহত রাসেল শেখের পারিবারিক সূত্রে জানা গেছে, রাসেল শেখ পিরোজপুর পৌরসভার মাছিমপুর এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে থাকতেন। সোমবার বিকেলে তিনি বাসা থেকে বের হয়ে শহরের বাইপাস সড়কের আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সামনে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় ছয়জন যুবক তাঁর ওপর হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে তাঁরা রাসেলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।