পিরোজপুরে স্কুলছাত্রী ও গৃহবধূর লাশ উদ্ধার
পিরোজপুর সদর থেকে আজ বৃহস্পতিবার সাথী হালদার (১৬) নামের একজন স্কুলছাত্রী ও মঠবাড়িয়া উপজেলা থেকে নাজমা আক্তার (২১) নামের একজন গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাথী সদর উপজেলার উত্তর নামাজপুর গ্রামের পরিমল হালদারের মেয়ে। সে পিরোজপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ছিল। আর নাজমার শ্বশুরবাড়ি মঠবাড়িয়া উপজেলার চালিতাবুনিয়া গ্রামে।
সাথীর বড় ভাই লিটন হালদার জানান, গতকাল বুধবার রাত ১০টার দিকে সাথী খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে তাঁরা সাথীকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাথীকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মোল্লা জানান, ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এদিকে গৃহবধূ নাজমার বাবা উপজেলার সূর্যমণি গ্রামের চান মিয়া জানান, দেড় বছর আগে উপজেলার চালিতাবুনিয়া গ্রামের সৌদিপ্রবাসী রাকিব হাওলাদারের সঙ্গে নাজমার বিয়ে হয়। বিয়ের পর রাকিব সৌদি আরব চলে যান। এর পর থেকে শ্বশুরবাড়ির লোকজন নাজমাকে মানসিক নির্যাতন করতেন। এক সপ্তাহ আগে নাজমা বাবার বাড়িতে বেড়াতে আসেন। আজ সকাল নয়টার দিকে নাজমা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
মঠবাড়িয়া থানার পরিদর্শক এ কে এম মিজানুল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।