পিরোজপুরে হামলায় আহত যুবলীগ নেতার মৃত্যু
পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলাতলা গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত ইলিয়াস হোসেন (৩৫) নামের যুবলীগের এক নেতা মারা গেছেন। গতকাল সোমবার রাত নয়টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় আজ মঙ্গলবার ভোরে হানিফ শেখ (২৪) ও হায়দার আলী (৩২) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ইলিয়াস সদর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গত ৩ অক্টোবর ইলিয়াস বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি মোস্তাফিজুর রহমানের ভাষ্য, প্রতিপক্ষের হামলায় আহত ইলিয়াসকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি মারা যান।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২ অক্টোবর সকালে ৭০ হাজার টাকাসহ গরু কিনতে যাচ্ছিলেন ইলিয়াস। এ সময় নাজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ আলী শিকদারের নেতৃত্বে ২০-২৫ জন লোক স্থানীয় জাহিদুল হক খানের দোকানের সামনে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ইলিয়াসের ওপর হামলা চালায়। ইলিয়াস আত্মরক্ষার জন্য জাহিদুল হক খানের দোকানে আশ্রয় নেন। পরে ওই দোকানে হামলা চালিয়ে তাঁকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচনের আগে সহিংসতায় অংশ নেওয়া বিএনপি-জামায়াত ও শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তারে ইলিয়াস পুলিশকে সহযোগিতা করতেন। এ কারণে তাঁর ওপর হামলা চালানো হতে পারে।
নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পিরোজপুর জেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম খানের দাবি, ইলিয়াসের সঙ্গে স্থানীয় কিছু লোকের পূর্ব শত্রুতার জেরে তাঁকে মারধর করা হয়েছে। ব্যক্তিগত মারধরের ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে বিএনপির নেতা-কর্মীদের মামলায় জড়ানো হয়েছে। আজ দুপুর একটার দিকে মামলার এক আসামি বিএনপির কর্মী নুরুল ইসলামের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে এবং আরেক আসামি বিএনপি কর্মী মানিক মিয়ার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেন নজরুল ইসলাম খান।