পিষে ফেলার হুমকি দিয়ে খোদেজাকে হত্যা করেন ট্রাকচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ট্রাকচালককে মৃত্যুদণ্ড দেওয়ায় গতকাল মঙ্গলবার সারা দেশে পরিবহন খাতে তুলকালাম কাণ্ড ঘটে গেছে। লাখ লাখ সাধারণ মানুষ অবর্ণনীয় কষ্ট ভোগ করেছেন। কিন্তু মীর হোসেন ওরফে মীরু কোনো সড়ক বা মহাসড়কে নয়, একজনের একান্ত পারিবারিক রাস্তায় ট্রাকচাপা দিয়ে হত্যা করেন খোদেজা বেগম নামের এক নারীকে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০০৩ সালের ২০ জুন সাভারের ঝাউচর এলাকায় ট্রাকচাপায় নিহত হন খোদেজা বেগম (৩৮)। এ ঘটনায় তাঁর স্বামী নুরু গাজী বাদী হয়ে সাভার থানায় ট্রাকচালক মীর হোসেন ও তাঁর সহকারী ইনতাজ আলীর বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ওই দুজনের বিরুদ্ধে ২০০৪ সালের ৯ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আদালত ২০০৫ সালের ৪ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল আদালত চালক মীর হোসেনের মৃত্যুদণ্ড এবং ইনতাজকে খালাস দেন।
মামলার নথিপত্রের তথ্যমতে, মামলার আসামি মীর হোসেন ও বাদী নুরু গাজীর বাড়ি সাভারের ঝাউচর এলাকায়। মীর হোসেন ধলেশ্বরী নদীর পাড় থেকে ট্রাকে করে মাটি এনে বিক্রি করতেন। ঘটনার পাঁচ দিন আগে থেকে নুরু গাজীর পারিবারিক রাস্তা দিয়ে ট্রাকে করে মাটি নিয়ে যেতে থাকেন মীর হোসেন। নুরু নিষেধ করলেও তিনি তা মানেননি। ঘটনার দিন বাধা দিলে আসামি মীর হোসেন ইচ্ছাকৃতভাবে ট্রাকচাপা দিলে খোদেজা ঘটনাস্থলে মারা যান।
ঘটনার দিনের বর্ণনা দিতে গিয়ে মামলার সাক্ষী সলিম মিয়া আদালতে বলেন সেদিন বাদীর স্ত্রী খোদেজা ট্রাকের সামনে গিয়ে মীর হোসেনকে বলতে থাকেন, রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে পারবেন না। তখন মীর হোসেন বলেছিলেন, যদি তাঁকে বাধা দেওয়া হয় তাহলে গাড়ির নিচে চাপা দিয়ে মেরে ফেলবেন। এ নিয়ে আসামি ও বাদীর স্ত্রীর সঙ্গে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে মীর হোসেন ট্রাকচাপা দিয়ে খোদেজাকে হত্যা করেন।
নিহত খাদিজার মেয়ে জুলেখা আদালতে বলেন, ট্রাকে করে মাটি নেওয়ার কারণে তাঁদের রাস্তা নষ্ট হচ্ছিল। তাঁর মা ও বাবা আসামিকে বাধা দেন। মীর হোসেন তখন বলতে থাকেন, ওই রাস্তা দিয়ে তিনি মাটি নেবেনই। ট্রাকের সামনে থাকা মাকে বলেন, ‘সরলে সরবা না হয় গাড়ির নিচে পিষে নিয়ে যাব।’