কক্সবাজারের টেকনাফে গত বোরবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের পৃথক অভিযানে একটি পিস্তল, দুটি গুলি ও ৩০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
টেকনাফ ৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল হান্নান খান বলেন, মিয়ানমার থেকে ইয়াবার চালান আনা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল রোববার রাতে সাবরাংয়ের ঝিনাপাড়ার নাফ নদীর বেড়িবাঁধে অবস্থান নেয়। রাত ১১টার
দিকে একটি নৌকা বেড়িবাঁধে ভেড়ানো হয়। এ সময় বিজিবির সদস্যদের দেখে নৌকায় থাকা তিনজন পালানোর চেষ্টা করেন।
পরে তাঁদের ধাওয়া করে আটক করা হয়। ওই নৌকায় তল্লাশি চালিয় ২০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
মেজর আবদুল হান্নান খান বলেন, আটক ব্যক্তিরা হলেন সাবরাং ইউনিয়নের ঝিনাপাড়ার মো. সাইফুল, মো. শাহ আলম ও মিয়ানমারের নাগরিক রিয়াজ হোসেন। আটক তিনজনকে পুলিশের কাছে হস্তান্তরের পর মাদক ও বৈদেশিক আইনে মামলা করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার বলেন, রোববার রাত ১০টার দিকে সাবরাং ইউনিয়নের ঝিনাপাড়া গ্রামে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা বড়ি, একটি পিস্তল ও দুটি গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাঁরা হলেন সাবরাং নয়াপাড়া গ্রামের বশির আহমদ ও হরি প্রসাদ।
ওসি বলেন, দুজনের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে।