পিস্তল, ককটেল ও­ চাকু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষের ওপর হামলার প্রস্তুতিকালে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতার ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালিয়ে গুলিভর্তি একটি বিদেশি পিস্তল এবং তাঁর কার্যালয় থেকে ১১টি ককটেল, একটি বিদেশি চাকু, দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ছাড়া দুটি ব্যক্তিগত গাড়ি ও ১১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার ওমরদীঘি বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আসাদুজ্জামান (২৫) ও ফজলুল হক (২৭) নামের দুজনকে আটক করা হয়েছে। আসাদুজ্জামান খরনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রমজান আলীর ছেলে। ফজলুল হক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ওই নেতার নাম সাজেদুর রহমান। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এবার খরনা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। এ নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাঁর বিরোধ রয়েছে। গতকাল স্থানীয় টেংগামাগুর এলাকায় সন্ত্রাসী হামলার প্রস্তুতি নিতে তিনি ওমরদীঘি বাজারে কর্মী-সমর্থকদের নিয়ে অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ ওই বাজারে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাজেদুর এবং তাঁর সহযোগীরা ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে তাঁর গাড়ি থেকে পিস্তল ও তাঁর কার্যালয় থেকে ককটেল উদ্ধার করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে সাজেদুর প্রথম আলোকে বলেন, তিনি গাড়ি রেখে ওই এলাকার লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন। পরে কেউ গাড়িতে পিস্তল রেখে তাঁকে ফাঁসানোর চেষ্টা করেন। আর কার্যালয়টিও তাঁর ব্যক্তিগত নয়, সেখানে দলীয় কর্মী-সমর্থকেরা বসেন। সেখানে কোনো ককটেল ছিল না। তবে কিছু লাঠিসোঁটা ছিল।
গতকাল রাত পৌনে ১০টার দিকে মুঠোফোনে জানতে চাইলে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।