পিস্তল, গুলিসহ এসআই আটক
রাজধানীর উত্তরা থেকে একটি পিস্তল, গুলি, মোটরসাইকেলসহ পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামানসহ চারজনকে গতকাল বুধবার আটক করেছে র্যাব। আটক অন্য তিনজন হলেন সাইফুল ইসলাম (৩০), মাহমুদুল হাসান (২৪) ও মশিউর রহমান (২৬)।
র্যাবের দাবি, অস্ত্র বেচাকেনায় জড়িত একটি দলের সঙ্গে ওই চারজনের সম্পর্ক ছিল।
র্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ প্রথম আলোকে বলেন, উত্তরার ৬ নম্বর সেক্টরের একটি নির্মাণাধীন বাড়ি থেকে বিকেলে তাঁদের আটক করা হয়। এঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিনটি গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আসাদুজ্জামান এসবির উত্তরা অঞ্চলে কর্মরত। তাঁর বাড়ি তুরাগ থানা এলাকায়। উত্তরায় তাঁর বেড়ে ওঠা। যতদূর জানা গেছে, আসাদুজ্জামান স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বাকি তিনজন উত্তরা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন। তাঁরা সবাই অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত। তিনি বলেন, ওই চারজনের বিরুদ্ধে মামলা করা হবে।