পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে বিদেশি পিস্তল, গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। মঙ্গলবার রাত আটটার দিকে জয়পুরহাট সদর উপজেলার পুরানপৈল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই যুবকের নাম জাকারিয়া হোসেন ওরফে রকি (৩০)। র্যাবের দাবি, জাকারিয়া জয়পুরহাটের শীর্ষ সন্ত্রাসী।
র্যাব জানায়, মঙ্গলবার রাত আটটার দিকে শীর্ষ সন্ত্রাসী জাকারিয়ার হোসেনের পুরানপৈল আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, একটি ম্যাগাজিন, আটটি ধারালো অস্ত্র, মাদকদ্রব্য সেবনের বিপুল পরিমাণ উপকরণসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
জাকারিয়াকে পিস্তল, গুলি, ধারালো অস্ত্রসহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ।