খুলনার বটিয়াঘাটা উপজেলায় যুবদল নেতা নজরুল ইসলামকে দুর্বৃত্তরা লাথি মেরে মাটিতে ফেলে দেয়। এরপর তাঁর বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করা হয়। প্রত্যক্ষদর্শীরা এ তথ্য দিয়েছেন।
নজরুল ইসলাম উপজেলার আমীরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বড় কড়িয়া গ্রামের আতালের ঘেরের কর্মচারী ছিলেন। ঘেরটি খুলনা-৪ আসনের সাংসদ এস এম মোস্তফা রশীদির ভাই এস এম মোয়াজ্জেম রশীদির দখলে ছিল। গত রোববার সন্ধ্যায় এলাকায় ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত রাসেল শেখের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ওই ঘের দখল করতে গিয়ে নজরুলকে হত্যা করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় রাসেল, তাঁর ভাই সোহেলসহ ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় গত মঙ্গলবার সন্ধ্যায় মামলা হয়েছে। মামলায় ৩ নম্বর আসামি করা হয়েছে খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি দেব দুলাল বাড়ৈকে। রাসেল তাঁর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। দুলালের বাড়ি নগরের ধর্মসভা এলাকায়। সেখান থেকে মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা ঘটনাস্থলে গিয়েছিল।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মঙ্গলবার রাতেই আরিফ মোল্লা ও শামীম শিকদার নামের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এজাহার সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা রোববার সন্ধ্যার কিছু আগে বড় কড়িয়া বাজারের ওপর দিয়ে ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে আতালের ঘের এলাকায় যায়। এর কিছুক্ষণ পরে বোমা ও গুলির শব্দ শোনা যায়। ওই ঘেরে থাকা নিজাম উদ্দিন, জিল্লুর মুন্সি, নজরুলসহ ছয়জনকে বেঁধে ব্যাপক মারধর করা হয়। পরে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে দুর্বৃত্তদের রেখে যাওয়া মোটরসাইকেল ভাঙচুর করে। এতে ক্ষুব্ধ হয়ে দুর্বৃত্তরা নজরুল ও নিজাম উদ্দিনকে ধরে মোটরসাইকেলের সামনে নিয়ে এসে বেধড়ক মারধর করে। একপর্যায়ে নজরুলকে লাথি মেরে মাটিতে ফেলে দেওয়া হয়। পরে তাঁর বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করা হয়। হামলাকারীরা চলে যাওয়ার পর এলাকাবাসী নজরুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তাঁর মৃত্যু হয়।
নজরুলের লাশের ময়নাতদন্ত করেন মেডিকেল কলেজটির ফরেনসিক বিভাগের শিক্ষক শাহীন আখতার। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, নজরুলের বুকে গুলির ছিদ্রের চারপাশ পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, খুব কাছ থেকে গুলি করা হয়েছে।