পিস্তল নিয়ে কিশোরের খেলা, শিশু গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টন থানা এলাকায় পিস্তল নিয়ে এক কিশোর খেলতে গিয়ে অসতকর্তাবশত গুলি বের হয়ে আরেক শিশু আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । জান্নাত নামের ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এ ঘটনাটিকে মিথ্যা তথ্য দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন ওই শিশুর স্বজনেরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে পেটে রক্তাক্ত জান্নাতকে হাসপাতালে নিয়ে যান মারজান আক্তার ও রাশেদ নামের দুজন। মারজান নিজেকে জান্নাতের চাচি বলে পরিচয় দেন। অন্যদিকে রাশেদ পরিচয় দেন জান্নাতের বাবার ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মী বলে।
রাশেদ সাংবাদিকদের জানান, আজ মারজান, তিনি ও জান্নাত এক রিকশায় চড়ে মতিঝিল এলাকায় ঘুরছিলেন। জান্নাত ছিল মারজানের কোলে। মতিঝিল পোস্ট অফিস স্কুলের সামনে গেলে হঠাৎ করে গুলির শব্দ হয়। পরে দেখা যায়, জান্নাতের পেট থেকে রক্ত বের হচ্ছে।
ঘটনার সত্যতা সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) রাইসুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘আমি সারা দিন পোস্ট অফিস স্কুলের সামনে দায়িত্ব পালন করেছি। কোথাও কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি।’
প্রায় আধা ঘণ্টা পর ঘটনা শুনতে পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান পল্টন থানার এসআই এনায়েত করিম। তিনি রাশেদ ও মারজানকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জেরার এক পর্যায়ে রাশেদ স্বীকার করেন, তিনি যা বলেছেন, সব মিথ্যা।
রাশেদ পুলিশকে জানান, জান্নাতের বাসা মিরপুরের শেওড়াপাড়ায়। আজ তিনি পরিবারের সঙ্গে পল্টনের শান্তিনগর এলাকার পীর সাহেবের গলিতে ফুফা কাওছার আলমের বাসায় বেড়াতে যান। কাওছার ঠিকাদারি ব্যবসা করেন। তিনি (রাশেদ) তাঁর কর্মী। বিকেল সাড়ে চারটার দিকে কাওছারের ১২ বছরের ছেলে মাহি লাইসেন্স করা পিস্তল নিয়ে খেলা করছিল। এ সময় অসতর্কতাবশত একটি গুলি বের হয়ে জান্নাতের পেটে লাগে।
পল্টন থানার এক পুলিশ কর্মকর্তা জানান, ওই পিস্তলটি লাইসেন্স করা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।