পিস্তল বের করে প্রদর্শককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের হুমকি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে পিস্তল বের করে এক প্রদর্শককে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার অধ্যক্ষের কার্যালয়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় প্রদর্শক জহুরুল আলম দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, কলেজের ভূগোল বিভাগের প্রদর্শক জহুরুল আলম শনিবার সকাল ১০টার দিকে আওয়ামী লীগ নেতা ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছাদিকুজ্জামান খানের কাছে যান। তিনি ঈদুল আজহার বোনাসের বিষয়ে জানতে চান। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওই বোনাসের টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে তাঁকে বলেন, সবার ঈদ বোনাসের টাকা অন্য খাতে ব্যয় করা হবে। এই নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর একপর্যায়ে ছাদিকুজ্জামান তাঁর লাইসেন্স করা পিস্তল বের করে জহুরুলকে হুমকি দেন।

জানতে চাইলে প্রদর্শক জহুরুল আলম প্রথম আলোকে বলেন, কলেজ খোলার পর প্রধান হিসাবরক্ষকের কাছে ঈদ বোনাসের টাকা চাইলে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। এরপর এ ঘটনা ঘটে। ছাদিকুজ্জামান পিস্তল বের করে তাঁকে হুমকি দেন। তাঁকে কলেজের সীমানার বাইরে চলে যেতে বলেন। এই ঘটনার পর তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। জহুরুল আরও বলেন, অধ্যক্ষের কক্ষে সিসি ক্যামেরা আছে। ফুটেজ দেখলে, ওই দিন কী ঘটেছিল, সব ধরা পড়বে।

ছাদিকুজ্জামান উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক। তা ছাড়া তাঁর ঠিকাদারি ব্যবসা রয়েছে।

 তবে জানতে চাইল হুমকির অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান বলেন, ওই দিন এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, ছাদিকুজ্জামান সব সময়ই তাঁর লাইসেন্স করা পিস্তলটি সঙ্গে রাখেন। ঘটনার দিনও ছিল। তবে তিনি ঘটনার পরিপ্রেক্ষিতে সেটি প্রদর্শন করেছিলেন কি না, তদন্ত করে দেখা হচ্ছে।