পিস্তল-গুলিসহ পাঁচজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে আটক করেছে র‍্যাব। আটক ব্যক্তিরা হলেন রুবেল শেখ, সোহেল মোল্লা, বাহেস শেখ, আব্বাস মিয়া ও আরিফুল ইসলাম। তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র পাচারে ব্যবহৃত গাড়ি উদ্ধার করা হয়েছে।

গতকাল কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে এসব জানানো হয়। র‍্যাব বলেছে, আটক পাঁচজন তারেক আহমেদ ওরফে অনিকের সহযোগী। তিনি ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সহসভাপতি আবু তাহের আহমেদের ছেলে।

র‍্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মো. মাসুদ বলেন, স্কুলের গণ্ডি পেরিয়ে ডিস্ক জকির (ডিজে) পেশা বেছে নেন অনিক। এরপর মাদক ব্যবসা, বালু ব্যবসার দখল এবং একপর্যায়ে অস্ত্র ব্যবসায় জড়ান। রাজশাহীর সীমান্ত দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে অস্ত্রের চালান রাজধানী ঢাকায় আনতেন অনিক। 

তুহিন মো. মাসুদ বলেন, রোববার রাতে রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর ও বাড্ডা এলাকায় অনিকের খোঁজে অভিযান চালানো হয়। এ সময় অনিকের পাঁচজন সহযোগীকে ৪টি বিদেশি পিস্তল, ৩৮টি গুলি, ৯টি ম্যাগাজিনসহ গ্রেপ্তার করে র‍্যাব-১-এর একটি দল। অনিককে গ্রেপ্তারে অভিযান চালানো হলেও তিনি পালিয়ে গেছেন।

ব্রিফিংয়ে জানানো হয়, অস্ত্র ও মাদকের ব্যবসা করে অল্প দিনের মধ্যে বিপুল পরিমাণ অবৈধ অর্থ উপার্জন করেন তারেক আহমেদ অনিক। এ ছাড়া জোর করে এলাকায় নির্মাণসামগ্রী সরবরাহের কাজও করতেন তিনি। গত এক থেকে দেড় বছরের মধ্যে ৪৫ থেকে ৫০টি অস্ত্র কেনাবেচা করেছেন অনিক। তিনি এলাকায় রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকার কথা বলতেন।

ছেলের অস্ত্র ব্যবসা সম্পর্কে কিছুই জানতেন না বলে জানিয়েছেন যুবলীগের নেতা আবু তাহের আহমেদ।